মোঃ আইনুল ইসলাম বিভাগীয় সম্পাদক দুর্নীতি অনুসন্ধান নিউজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রথমে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্বশুরবাড়ী দিনাজপুরে হওয়ায় এ জেলার সঙ্গে জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। তিনি বিএনপি প্রতিষ্ঠা এবং দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের বহু নেতাকর্মী শাহাদাতবরণ করেছেন, অনেকে কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেকে অসুস্থতা ও পঙ্গুত্বের কারণে কষ্টের জীবনযাপন করছেন। বিগত ১৯ বছরে বিএনপির ৮০০-এর বেশি নেতাকর্মী গুম হয়েছেন—এমন দাবী করে তিনি এসব নেতাকর্মী ও তাঁদের পরিবারের ত্যাগের কথা স্মরণ করেন।
একই সঙ্গে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী ব্যক্তিদের এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মুক্তিযুদ্ধের দায়ীত্ব কাঁধে নিয়েছিলেন। দেশের পুনর্গঠন ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তীতে তিনি কাজ করেন। তাঁর নেতৃত্বে বিএনপি ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তারেক রহমান দলের নেতৃত্ব গ্রহণ করেন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে বিভেদ ও দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং সবাই ঐক্যবদ্ধভাবে দেশের অগ্রগতিতে কাজ করতে পারবেন। যুবসমাজের প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে তরুণদের কর্মক্ষেত্রে হতাশা থাকবে না এবং তাঁরা নিজেদের মেধা ও যোগ্যতা অনুযায়ী দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। দিনাজপুরের কৃষি ও সার সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, দিনাজপুর কৃষির জন্য গুরুত্বপূর্ণ একটি জেলা। তাঁর বক্তব্য অনুযায়ী, জেলার কৃষকেরা যথাসময়ে সার পাওয়ার ব্যবস্থা পাচ্ছেন এবং সার নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও তিনি বক্তব্য দেন। এ সময় বিদ্যুৎ খাতে বিদ্যমান সমস্যার জন্য পূর্ববর্তী সরকারের সময়কার পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সমস্যাগুলো নিরসনে কাজ করছে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে তাঁরা আশাবাদী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। তিনিও সংক্ষিপ্ত বক্তব্য দেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেন, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মো. রেজাউল ইসলাম গুরু, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. আনিসুর রহমান চৌধুরী, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আখতারুজ্জামান জুয়েল ও মাহবুব আহমেদ, প্রচার সম্পাদক মো. বাবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মুন্না ও আনিসুর রহমান বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো. আক্তার, জেলা যুবদলের সদস্য সচিব মো. রেজা, সাবেক জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা কামাল মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মণ্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম, রংপুর বিভাগীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মন্নাফ মুকুল, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. হাসু খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আহ্বায়ক মোঃ জোবায়দুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ শহীদ, সভাপতি মোঃ খলিল পৌর মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী পৌর তাঁতীদলের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি কাজী কামরুল ইসলাম এবং জেলা মহিলা দলের সম্পাদিকা শাহীন সুলতানা বিউটিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তব্য শেষে বর্ণাঢ্য র্যালি
আলোচনা সভা ও নেতৃবৃন্দের বক্তব্য শেষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বেলুন ও সাদা পায়রা আকাশে উড়িয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি দিনাজপুর শহরের লিলির মোড়, ভুট্টি বাবুর মোড়, নিমতলা মোড় ও মডার্ন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
৪৮ বছরের রাজনৈতিক পথচলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বিএনপির নিজস্ব ইতিহাস অনুযায়ী, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
দলটির রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হিসেবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর কথা উল্লেখ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সময়ে রাষ্ট্রক্ষমতায় ও বিরোধী দলে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে।
১৯৮১ সালে জিয়াউর রহমানের শাহাদাতের পর বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সাংবাদিক নিয়োগ চলছে, আগ্রহী প্রার্থীরা আমাদের WhatsApp- 01710971277 নাম্বারে যোগাযোগ করুন।
Copyright © 2026 দূর্নীতি অনুসন্ধান নিউজ | বাংলা নিউজ পেপার. All rights reserved.