নুশরাত রুমু, নোয়াখালী :
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর অনুষ্ঠিত এ কর্মসূচিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থন এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেন অংশগ্রহণকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে ছাত্রলীগ ও যুবলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী বাঁধেরহাট বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির শুরুতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থল থেকে সরে যায় বলে জানা গেছে।
মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। তিনি বক্তব্যে বলেন, অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নেমেছেন। শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
কর্মসূচি সম্পর্কে আশরাফুল করিম চৌধুরী বাবু দাবি করেন, দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়ে যাওয়ায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের বাধার কারণে অনেক সমর্থক ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, কর্মসূচির বিষয়ে আগে থেকেই অবগত হয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। শুরুতে মিছিল ঠেকানোর চেষ্টা করা হলেও বিক্ষোভকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান।
তবে বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা নিয়ে আয়োজক ও পুলিশের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
House-78/7, Lavel-3 A.L. Complex Banani, Chairmanbari Dhaka- 1213
Phone No: 01828-331116
Web: www.durnetianusandhannews.com
Copyright © 2026 দূর্নীতি অনুসন্ধান নিউজ. All rights reserved.