মোঃ ময়নুল ইসলাম
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় ৪৭৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনের সঙ্গে সঙ্গতি রেখে তেঁতুলিয়া উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ের এ কর্মসূচির আওতায় ৮নং ওয়ার্ডের টটুয়াপাড়া, মানিকডোবা, হাটুপাড়া, সরকারপাড়া, ঝাড়বাড়ী ও মন্ডলপাড়া গ্রামের মোট ৪৭৭ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়।
ফ্যামিলি কার্ড পেয়ে সুবিধাভোগী নারীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, সরকারের এ উদ্যোগ তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় সহায়তা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং পরিবারভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো আরও সংগঠিত ও সেবার আওতায় আসবে বলে আশা প্রকাশ করা হয়।
House-78/7, Lavel-3 A.L. Complex Banani, Chairmanbari Dhaka- 1213
Phone No: 01828-331116
Web: www.durnetianusandhannews.com
Copyright © 2026 দূর্নীতি অনুসন্ধান নিউজ. All rights reserved.