নুশরাত রুমু, নোয়াখালী:
নোয়াখালীতে প্রধান সড়কের পাশে উন্মুক্তভাবে বালুর স্তুপ রেখে ফুটপাত দখল এবং বায়ুদূষণ সৃষ্টির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন ২০২৬) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ১১ লঙ্ঘনের দায়ে অনন্তপুর এলাকার শামীম ট্রেডার্স এবং এ হাসেম ট্রেডার্স-কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সড়কের পাশ থেকে উন্মুক্তভাবে রাখা বালুর স্তুপ সরিয়ে নিজস্ব জায়গায় ঢেকে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়, যাতে পথচারীদের চলাচলে বিঘ্ন না ঘটে এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে থাকে।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এবং আনিছুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ। আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং উন্মুক্ত বালুর স্তুপের কারণে সৃষ্ট বায়ুদূষণ ও ফুটপাত দখল রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
House-78/7, Lavel-3 A.L. Complex Banani, Chairmanbari Dhaka- 1213
Phone No: 01828-331116
Web: www.durnetianusandhannews.com
Copyright © 2026 দূর্নীতি অনুসন্ধান নিউজ. All rights reserved.