স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এ সময় জাতীয় সংসদে উপস্থিত রয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণ শুরু হয়। প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোটদানের নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন।
নির্দেশনা দেওয়ার পর সংসদের অধিবেশন কক্ষের নির্ধারিত স্থানে রাখা ব্যালটবাক্সে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। এরপর ভোট দেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর একে একে সংসদ সদস্যরা ব্যালটবাক্সে তাদের ভোট প্রদান করছেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম।
প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। আজ বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা করা হবে। গণনা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন, কতটি ভোট বাতিল বা নষ্ট হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হচ্ছেন, তার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন হবে।
House-78/7, Lavel-3 A.L. Complex Banani, Chairmanbari Dhaka- 1213
Phone No: 01828-331116
Web: www.durnetianusandhannews.com
Copyright © 2026 দূর্নীতি অনুসন্ধান নিউজ. All rights reserved.