
মোঃ আইনুল ইসলাম
বিভাগীয় সম্পাদক
দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরমেশ্বরপুর বিওপির একটি অভিযানিক দল বোচাগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩২/৭-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরমেশ্বরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত সিরাপের সর্বমোট সিজার মূল্য ২৭ হাজার ৬০০ টাকা।
অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
মোঃ আইনুল ইসলাম বিভাগীয় সম্পাদক 



















