
নুশরাত রুমু,
নোয়াখালী :
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সের বিরুদ্ধে প্রসূতি রোগীর স্বজনদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাজেদা বেগম নামে এক নারী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তানের জন্ম দেন। এ সময় ডিউটিতে থাকা নার্স পেয়ারাবেগম রোগীর স্বজনদের কাছে ৫ হাজার টাকা দাবি করেন।ভুক্তভোগীদের অভিযোগ, তারা প্রথমে ১ হাজার ৫০০ টাকা দিলে তা গ্রহণ না করে ছুঁড়ে ফেলে দেন ওই নার্স এবং স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে বাধ্য হয়ে ২ হাজার ৫০০ টাকা প্রদান করলে তা গ্রহণ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ওই হাসপাতালে না আসার জন্য হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল আহমেদ (নয়ন) বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, সরকারি হাসপাতালে স্বাভাবিক প্রসবসহ বিভিন্ন সেবা বিনামূল্যে প্রদান করার কথা থাকলেও এ ধরনের অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
নুসরাত রুমু 







