
মোঃ শহিদুল ইসলাম
নওগাঁর পোরশা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন শ্রমজীবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় “মহান মে দিবসের তাৎপর্য”, “শ্রমিকদের ন্যায্য অধিকার” এবং “জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি” বিষয়কে গুরুত্ব দিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।তিনি তার বক্তব্যে বলেন, মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের ইতিহাসের প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ, তাই তাদের অধিকার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ও সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র নেতা মোঃ সাকিল জাবেদ আনসারি, শিক্ষক মোঃ শরিফুল ইসলাম এবং কৃষি লোন ব্যবস্থাপক শ্রী মাধব সরকার।বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা প্রয়োজন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক, পেশাজীবী, রাজনৈতিক নেতা-কর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো পরিবেশটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।উল্লেখ্য, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের নেতা মোঃ রাকিবুল ইসলাম।
মোঃ শহিদুল ইসলাম 










