
নুশরাত রুমু
নোয়াখালী প্রতিনিধি :
আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস উপলক্ষে নোয়াখালীতে র্যালি ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে সিভিল সার্জন কার্যালয়।
বৃহস্পতিবার (২১ মে) সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফয়সল মো. তৌহিদুজ্জামান, ডা. যীশু দাস, ডা. জান্নাতুল নাঈম কেয়া ও ডা. পপি রানী কুন্ড।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুদ্দিন চৌধুরী, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. এমদাদুল হক, ইউএনএফপিএ’র ফিল্ড অফিসার ডা. সাদিয়া শামরিন হৃদি, সিআইপিআরবি’র প্রকল্প সমন্বয়কারী মো. আলতাফুর রহমান, জাপাইগো’র এসআরএইচআর সমন্বয়কারী ডা. মেহবুবা নুর প্রথা, পিএইচডি’র প্রকল্প সমন্বয়কারী ডা. লানিয়া আক্তার এবং জেলা পাবলিক হেল্থ নার্স রেখা রানী মজুমদারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি জটিল স্বাস্থ্য সমস্যা হলেও সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ ও নিরাময় সম্ভব। নোয়াখালীতে ফিস্টুলা রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও সেবা প্রদান করা হচ্ছে বলেও জানানো হয়।
এসময় বক্তারা আরও জানান, ফিস্টুলা রোগীর সন্ধান দিয়ে চিকিৎসাসেবার আওতায় আনতে সহযোগিতা করলে তথ্যদাতাদের সম্মানী প্রদান করা হয়। তাই এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, রোগী শনাক্তকরণ এবং আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসাসেবা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি : 










