
খন্দকার মোহাম্মাদ আলী,
দুর্নীতি অনুসন্ধান নিউজ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মতিয়ার রহমান লাবলু।
শুক্রবার কামারপাড়া চৌমহনী বাজারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা, বীমা সুবিধা, ট্রেড লাইসেন্স ও আইনি সহায়তা, বাজারে সিসি ক্যামেরা ও নৈশপ্রহরী নিয়োগ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, যানজট নিরসন, ব্যবসায়ীদের প্রশিক্ষণ এবং গচ্ছিত আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মতিয়ার রহমান লাবলু বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি বণিক সমিতির উন্নয়নে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যোগ্য প্রার্থীকেই ভোটাররা নির্বাচিত করবেন। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
০৫/০৬/২০২৬
খন্দকার মোহাম্মদ আলী 













