
মোঃ ময়নুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা ও আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত চৌকিদারি প্যারেড পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু সাইন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বোদা থানা ও আটোয়ারী থানা কম্পাউন্ডে পৃথকভাবে এ চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট দুই থানার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মোঃ আবু সাইন গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি স্থানীয় পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় সার সংকটসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ৫ আগস্ট ২০২৪ তারিখে থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্রের সন্ধান বা কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি জানান, লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে সহায়তা করলে সরকারিভাবে পুরস্কার দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া পলাতক আসামি, সন্দেহভাজন ব্যক্তি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহ করে দ্রুত সংশ্লিষ্ট থানায় অবহিত করার জন্য গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কোনো অপরাধ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে।
চৌকিদারি প্যারেডে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মোঃ ময়নুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি 



















