
মোঃ শহিদুল ইসলাম
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পোরশায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) ও চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অপর একজন পলাতক রয়েছেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মাকতাপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানে অংশ নেন।পুলিশ জানায়, অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ী সনতেশ রায় (৩৫), পিতা—মুকুল রায় এবং নিতাই হরিজন (৩৫), পিতা—রাম হরিজন, উভয়ের মাকতাপুর আদিবাসী পাড়ার নিজ নিজ বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।তল্লাশির একপর্যায়ে ছোট-বড় চারটি প্লাস্টিকের জারকিন থেকে সর্বমোট ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মদ তৈরির উপকরণ আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।এ ঘটনায় আটক সনতেশ রায়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপর অভিযুক্ত নিতাই হরিজন পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসাধারণের সহযোগিতা নিয়ে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় পরিচালনা করা হবে।
তিনি মাদকবিরোধী অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
শহিদুল ইসলাম পোরশা,নওগাঁ প্রতিনিধিঃ 



















