
নুশরাত জাহান রুমু, নোয়াখালী :
স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন হিসেবে মাইজদী প্রাইম হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য অত্যাধুনিক নিবিড় পরিচর্যা ইউনিটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুন ২০২৬) এক অনুষ্ঠানের মাধ্যমে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট ও শিশু নিবিড় পরিচর্যা ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান শামিমা জাহান, ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুবুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মেসবাউস সালেহীন এবং প্রধান সমন্বয়কারী সুমাইয়া বিনতে সাইফ। এছাড়াও নোয়াখালীর বিশিষ্ট চিকিৎসকরা অনুষ্ঠানে অংশ নিয়ে এ উদ্যোগকে স্বাগত জানান।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে নোয়াখালী অঞ্চলে নবজাতক ও শিশুদের জন্য বিশেষায়িত নিবিড় পরিচর্যা সেবার অভাব ছিল। ফলে গুরুতর অসুস্থ শিশু ও নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা চট্টগ্রামে পাঠাতে হতো। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি রোগীর স্বজনদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয়ও বেড়ে যেত।
নতুন এ সেবার মাধ্যমে এখন নোয়াখালী ও আশপাশের এলাকার মানুষ নিজ জেলাতেই নবজাতক ও শিশুদের জরুরি ও বিশেষায়িত চিকিৎসা সুবিধা পাবেন। আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত এ ইউনিট শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চিকিৎসক ও অভিভাবকদের মতে, ঘরের কাছেই এমন বিশেষায়িত সেবা চালু হওয়ায় নবজাতক ও শিশুদের জীবন রক্ষার সম্ভাবনা বাড়বে। একই সঙ্গে দূরবর্তী শহরে গিয়ে চিকিৎসা গ্রহণের অতিরিক্ত ব্যয় ও ভোগান্তি থেকেও পরিবারগুলো অনেকটাই মুক্তি পাবে।
স্বাস্থ্যসেবায় এ উদ্যোগকে নোয়াখালীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা। তাদের মতে, শিশু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্তের উন্মোচন হলো।
নুশরাত জাহান রুমু, নোয়াখালী : 




















