
মোঃ আইনুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধান,
দুর্নীতি অনুসন্ধান নিউজ
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুরে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি, দিনাজপুরে এ সভার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আসন্ন পরীক্ষা কেন্দ্রিক শৃঙ্খলা, স্বচ্ছতা এবং শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোনো ধরনের সুস্পষ্ট তথ্য-প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আটক করা হবে।”
এসময় শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন,“যেই শিক্ষক তার নিজ সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়ানোর জন্য সাহস পায় না,সেই প্রতিষ্ঠানের প্রধান হওয়ার যোগ্যতা আপনার নেই।”তার এ বক্তব্য উপস্থিত শিক্ষক, শিক্ষা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে ব্যাপক গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা, রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরু, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুর রহমান, দিনাজপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীরসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় রংপুর বিভাগের আওতাধীন মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
সভায় সার্বিকভাবে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ, নকলমুক্ত ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরিবেশে আয়োজন নিশ্চিত করতে সকল সংশ্লিষ্ট পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর বলেও অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।
মোঃ আইনুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধান, দুর্নীতি অনুসন্ধান নিউজ 










