
নুশরাত রুমু, নোয়াখালী :
নোয়াখালীর চাটখিলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ প্রিয়া আক্তার পিংকি (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী হেলাল হোসেন (২৮) পালিয়ে যান।
শুক্রবার চাটখিল থানাধীন সাহাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার প্রিয়া আক্তার পিংকি সাহাপুর কাজী বাড়ির বাসিন্দা। তিনি হেলাল হোসেনের স্ত্রী। অভিযানে তার স্বামী হেলাল হোসেনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, অভিযানে অ্যামফিটামিনযুক্ত ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৬৯ গ্রাম, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি Redmi ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির ১০(ক) ও ১৯(ক) ক্রমিকের অধীনে মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে গ্রেপ্তার প্রিয়া আক্তার পিংকি ও পলাতক হেলাল হোসেনের বিরুদ্ধে চাটখিল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
নুশরাত রুমু, নোয়াখালী : 



















